জনপ্রশাসনে গুণগত পরিবর্তন সাধন এবং সরকারি দাপ্তরিক কাজে উদ্ভাবন সংস্কৃতি তৈরি ও চর্চার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকাস্থ বিদ্যুৎ ভবনের বিজয় হলরুমে সরকারের সচিব মহোদয়গণ এবং দফতর মহাপরিচালকগণের মধ্যে ‘জনপ্রশাসনে উদ্ভাবন চর্চা: অগ্রগতি ও করণীয়’ বিষয়ে একটি নীতি নির্ধারণীমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং সভাপতি ও সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
মাঠ পর্যায়ে বিভিন্ন উদ্ভাবনের কার্যকর এবং সক্রিয় বাস্তবায়নের জন্য প্রয়োজন কার্যকর জনপ্রশাসন এবং ব্যবস্থাপনা। জনপ্রশাসনে উদ্ভাবন চর্চার প্রত্যাশিত ক্ষেত্র তৈরির লক্ষ্যকে সফল করতে প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর/সংস্থার নিজ নিজ করণীয় নির্ধারণ এবং পারস্পরিক বিন্যাস সাধন প্রয়োজন। এই সভায় জনপ্রশাসনে উদ্ভাবন চর্চার অগ্রগতিসমূহ আলোচনা করা হয় এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের ৭৮ জন সিনিয়র সচিব/সচিব/ভারপ্রাপ্ত সচিব মহোদয় এবং ২৫টি অধিদপ্তরের মহাপরিচালক এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে মন্ত্রণালয়/অধিদফতরসমূহে উদ্ভাবন চর্চাকে জনপ্রিয় ও কার্যকর করার লক্ষ্যে নির্দেশনা প্রদান, উদ্ভাবনী পাইলটসমূহ বাস্তবায়নের জন্য নিজ মন্ত্রণালয় ও অধিদফতরে বাজেট কোড বরাদ্দ, মাঠ পর্যায়ে চলমান ৪৬৩টি উদ্ভাবন পাইলট পর্যালোচনার মাধ্যমে রেপ্লিকেশনের উদ্যোগ, উদ্ভাবন চর্চাকে স্বীকৃতি প্রদান, ইনোভেশন টিমগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া সেবা পদ্ধতি সহজীকরণের মাধ্যমে জনবান্ধব সেবা তৈরি, ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান নিশ্চিতকরণ, সর্বস্তরে ই-ফাইলিং চালু, সার্ভিস ইনোভেশন ফান্ড, জাতীয় ওয়েব পোর্টাল, ফর্মস পোর্টাল, মাল্টিমিডিয়া ক্লাসরুম, মুক্তপাঠ নিয়ে আলোচনা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে সরকারি উদ্যোগসমূহ জনগণের কাছে পৌঁছে দেয়া এবং এ বিষয়ে মতামতের জন্য জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এই আলোচনা সভায়।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা, পটভূমি ও এজেন্ডা উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রামের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
