কুমিল্লার দেবিদ্বারে ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। মো. স্বপন মিয়া নামে প্রবাস ফেরত যুবককে দুর্বৃত্তরা অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর হত্যা করে।
বুধবার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের কোটনা গ্রামের একটি ধানী জমি থেকে ওই যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছিল পুলিশ।তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ গ্রামের মো. মুজাফ্ফর আলীর ছেলে।
পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের ওই লাশটি উদ্ধারের পর কুমিল্লাস্থ আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই যুবকের বড় ভাই পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত মো. জাহাঙ্গীর আলম ও তার নিকটাত্মীয় হাজি নোয়াব মিয়াসহ স্বজনেরা বৃহস্পতিবার দেবিদ্বার থানা যায়। তারা পরনের কাপড় ও ছবি দেখে লাশটি দুবাই প্রবাসী মো. স্বপন মিয়ার (২৬) বলে শনাক্ত করে।
মো. জাহাঙ্গীর আলম বলেন, মো. স্বপন মিয়া প্রায় ছয় বছর ধরে দুবাই ছিলেন। জানুয়ারি মাসে তিন মাসের ছুটি নিয়ে তিনি দেশে আসেন। সোমবার সকালে বুড়িচং উপজেলার তার এক বন্ধু মোবাইল ফোনে তাকে বুড়িচং গোমতী নদীর খেয়াঘাটে ডেকে নেয়। এরপর বিকালে আমার ভাইয়ের (স্বপনের) মোবাইল ফোন থেকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে দেয়া হয়। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় জিডি করি। এরপর অপহরণকারীদেরকে আরো ৭৫ হাজার টাকা বিকাশে দেয়া হয়। এরপর থেকে ওই মোবাইল ফোনটি বন্ধ করে দেয়া হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন,এ ঘটনার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
