চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রাউন্ডে জয় পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অলোক কাপালির গাজী গ্রুপকে ৩ উইকেটে হারায় মোশাররফ রুবেলের রুপগঞ্জ।
এদিন আগে ব্যাট করে গাজী ৮ উইকেট হারিয়ে তোলে ২৫৫ রান। জবাবে, এক ওভার হাতে রেখে ৭ উইকেট হারানো রুপগঞ্জ জয় তুলে নেয়।
আগে ব্যাট করা গাজীর ওপেনার এনামুল হক বিজয় ৪২ আর শামসুর রহমান ৬৯ রান করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। ৭০ রানের দারুণ ইনিংস খেলেন পাকিস্তানের অলরাউন্ডার সাঈদ আনোয়ার জুনিয়র। মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান অলোক কাপালি।
রুপগঞ্জের হয়ে দুটি করে উইকেট তুলে নেন সৌম্য সরকার, আসার জাইদি আর মোশাররফ রুবেল। একটি করে উইকেট পান আবু হায়দার ও তাইজুল ইসলাম।
২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মিজানুর রহমান(০) ও সৌম্য সরকার(১)। তিন নম্বরে ব্যাট হাতে আসেন জহুরুল ইসলাম(৯)। দলীয় ১১ রানের মাথায় এই তিন ব্যাটসম্যানই বিদায় নেন।
চার নম্বরে ব্যাট হাতে আসা মোহাম্মদ মিঠুন খেলেন ৭৫ রানের ইনিংস। ৯৪ বল মোকাবেলা করে ৭টি চারের পাশাপাশি দুটি ছক্কার দেখা পান মিঠুন। বিপিএলের সবশেষ আসর মাতানো আসার জাইদি ৪২ বলে করেন ৩৭ রান। আর আসিফ আহমেদ ৭৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া, দলপতি মোশাররফ রুবেল ৯ রান করে বিদায় নিলেও শেষ দিকে নাহিদুল ইসলাম ২৫ বলে ২৫ রান করে দলকে জয়ের পথে টেনে নেন। তবে, এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছানো রুপগঞ্জের জয়ে ভূমিকা রেখেছেন আলাউদ্দিন বাবু। শেষ দিকে ২২ বলে একটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারিতে তিনি ৩৪ রান করে অপরাজিত থাকেন।
গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট নেন দেলোয়ার হোসেন, মেহেদি হাসান আর অলোক কাপালি। একটি উইকেট দখল করেন সাঈদ আনোয়ার।
