ওয়ালটন ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগের ফাইনালে উঠেছে ইস্ট এন্ড ক্লাব ও বাংলাদেশ জেল। সোমবার শিরোপা নির্ধারণী ফাইনালে বিকেল ৪টায় মুখোমুখি হবে দল দুটি।
এর আগে বিকাল ৩টায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সোনালী ব্যাংক ও নবজাগরণী সংঘ।
বৃহস্পতিবার প্রতিযোগিতার দশম দিনে অষ্টম ও নবম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে মুখোমুখি হয় ভাই ভাই সংঘ ও মাদারটেক মিতালী সংঘ। খেলায় ভাই ভাই সংঘ ২৫-০৫, ২৫-১৫, ২৫-০৫, পয়েন্টে ৩-০ সেটে মাদারটেক মিতালী সংঘকে পরাজিত করে অষ্টম স্থান লাভ করে। নবম হয় মাদারটেক মিতালী সংঘ।
এবারের ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগে অংশ নিয়েছে ৯টি দল। দলগুলো হল- বাংলাদেশ জেল, ইস্ট এন্ড ক্লাব, নবজাগরনী সংঘ, উত্তরা স্পোর্টিং ক্লাব, মাদারটেক মিতালী সংঘ, শাহবাগ স্পোর্টিং ক্লাব, সাবলম্বী সোসাইটি ক্লাব, ভাই ভাই সংঘ ও সোনালী ব্যাংক রিক্রিয়েশন ক্লাব।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশনে উত্তীর্ণ হবে। আর একটি দল রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় বিভাগে নেমে যাবে। ওয়ালটন প্রথম বিভাগ ভলিবল প্রতিযোগিতার একজন সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
