সিপিএমের সঙ্গে আসন সমঝোতা ভেস্তে গেল, আলাদা প্রার্থী দিচ্ছে কংগ্রেস

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০০:৩১

আসন সমঝোতা নিয়ে আলোচনার পর পশ্চিমবঙ্গের ২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। ঠিক করা হয়েছিল ৪২ আসনের মধ্যে বাকিগুলোয় প্রার্থী দেবে জাতীয় কংগ্রেস এবং স্বতন্ত্ররা। রবিবার হঠাত্ আসন সমঝোতায় অনিশ্চয়তার কালো মেঘ। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সংবাদ সম্মেলন করে জানান, দলের অনেকেই চাইছেন না সিপিএমের সঙ্গে জোট করতে। ওরা আমাদের আসনেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এই পরিস্থিতিতে আমি দিল্লি যাচ্ছি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করতে। তারপরই ৪২ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

গত শুক্রবারই সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করে। গোল বাঁধে বীরভূমের প্রার্থী ডা.? রেজাউল করিমকে নিয়ে। সিপিএম তার নাম তাদের প্রার্থী তালিকায় ঘোষণা করে স্বতন্ত্র হিসেবে। রেজাউল ওই দিন পর্যন্ত জাতীয় কংগ্রেসের ডক্টরস সেলের প্রধান ছিলেন। এরপর শনিবারই দল বিরোধী কাজের অভিযোগে তাকে জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়।

শনিবারই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠকে অনেকেই জানিয়েছিলেন, সিপিএমএর সঙ্গে জোট করা সম্ভব নয়। দলকে অসম্মান করেছে সিপিএমের শরিক দলগুলি। রবিবার বৈঠকের আগেই দিল্লি থেকে একা লড়াই করার সম্মতি দেওয়া হয়। বৈঠকে এদিন ৪২টি আসনে কারা কারা লড়তে চান তার একটি তালিকা তৈরি করা হয়।