নাশকতার আশঙ্কায় কোটালীপাড়ায় আটক ১

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৫:৩৭
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নাশকতায় আশঙ্কায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে জঙ্গি নেতা মুফতি হান্নানের বেয়াই মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
 
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোটালীপাড়ার মতির মোড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে।
 
জানা গেছে, শনিবার প্রধানমন্ত্রী কোটালীপাড়া সফর করবেন। ওই যুবক এলাকায় নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।এদিন প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে উপজেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মিজানুর রহমান শেখ হাসিনাকে হত্যা মামলার অন্যতম আসামি সরোয়ার হোসেনের ছোট ভাই ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীর বেয়াই।