নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে উত্তরপাড়া জামে মসজিদের ইমামকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেজাউল করিম শুক্রবার দুপুরে ইমাম আবদুল লতিফকে (৩০) এই সাজা প্রদান করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
অভিযোগে জানা গেছে, ডিমলার কুটিরডাঙ্গা গ্রামের মৃত কছির উদ্দিনের বিবাহিত ছেলে ও কুটিরডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল লতিফ একই গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলেন।
এ ঘটনায় ছাত্রীটি ভ্রাম্যমান আদালতে অভিযোগে করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লতিফকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে নিজের দোষ স্বীকার করায় দন্ড বিধির ৫০৯ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া, ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
