মাহমুদুর রহমানকে ডিবি দফতরে নেয়া হয়েছে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:১০
 
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য কাশিমপুর-২ কারাগার থেকে গতকাল শুক্রবার মহানগর গোয়েন্দা (ডিবি) দফতরে নেয় হয়েছে। গত ২৫ এপ্রিল এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
 
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত বলেন, গতকাল দুপুরের দিকে মাহমুদুর রহমানকে ডিবি দফতরে আনা হয়েছে। রাতে (গতকাল শুক্রবার) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
 
গত ১৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমানকে প্রধানমন্ত্রী পুত্র ছেলে জয়কে অপহরণ ও হত্যার চক্রান্তে গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করেন। একই মামলায় গ্রেফতারকৃত প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে দুই দফায় দশ দিনের  রিমান্ডে নেয় ডিবি। দ্বিতীয় দফায় ৫ রিমান্ড শেষে ২৭ এপ্রিল বুধবার তাকে আদালতে হাজির করে ডিবি। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, শফিক রেহমান যেসব তথ্য দিয়েছেন- সে ব্যাপারে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে আদালতের মাধ্যমে শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে।