গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১০:৩১
 
উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে গোপালগঞ্জে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।
 
সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  
 
পরে তিনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং ৫টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
 
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় এখন উত্সবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পতাকা দিয়ে রাস্তাঘাট সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সড়কে নির্মাণ করা হয়েছে সুশোভিত তোরণ। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
 
সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন এবং শেখ লুত্ফর রহমান ডেন্টাল কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।