ফরহাদ রেজার নৈপুণ্যে শেখ জামালকে হারাল প্রাইম দোলেশ্বর

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:০০
প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে আকাশে উড়ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক ঝটকায় তাদের মাটিতে নামাল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
 
ফতুল্লায় ফরহাদ রেজা ও সানজামুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২৭.১ ওভারে ৯৯ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহর শেখ জামাল। জবাবে ২০.১ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।
 
আর শেখ জামালকে গুঁড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে এবারের লিগে টানা তিন জয় পায় দোলেশ্বর।
 
শুরুতেই মাহবুবুল করিমকে ফিরিয়ে শেখ জামালকে বড় ধাক্কা দেন আল আমিন হোসেন। আগের দুই ম্যাচে ৭২ বলে ৭৮ ও ১১০ বলে ১৩০ রানের ইনিংসে ম্যাচসেরা হওয়া ওপেনার এবার ১ রানেই ধরা পড়েন ফরহাদ রেজার হাতে।
 
ফরহাদ পরে জ্বলে ওঠেন বল হাতে। নিজের প্রথম বলেই আউট করেন জয়রাজ শেখকে(৯)। দোলেশ্বর অধিনায়ক একে একে তুলে নেন মাহমুদউল্লাহ, নাজমুস সাদাত ও সোহাগ গাজীকে।
 
ছয়ে নেমে পাল্টা আক্রমণে রান বাড়ানোর চেষ্টা করেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো পেরেরা। কিন্তু জমে ওঠার আগেই তাকে (২৪ বলে ৩৩) ফিরিয়ে দেন সানজামুল ইসলাম। আগের ম্যাচে শেষ বলে ছক্কার নায়ক মুক্তার আলিকেও ফেরান এই বাঁহাতি স্পিনার।
 
শেষ পর্যন্ত তিন অঙ্কও ছুঁতে পারেনি আগের ম্যাচে ২৮৭ রান তাড়া করা শেখ জামাল। সহজ রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই সোহাগ গাজী বোল্ড করে দেন ইমতিয়াজ হোসেনকে। শফিউল ইসলাম ফেরান আরেক ওপেনার রনি তালুকদারকে।