কালিয়াকৈরে নেশাজাত দ্রব্য খাইয়ে দুই বোনকে ধর্ষণ, নারী আটক

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:১২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় জুসের সঙ্গে নেশাজাত দ্রব্য খাইয়ে গার্মেন্টসকর্মী দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাজ শেষে উপজেলার লতিফপুর গ্রামের বাসায় ফিরে দুই বোন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির মালিকের স্ত্রী হোসনে আরার সহযোগিতায় পার্শ্ববর্তী বাড়ির মো. ফারুক হোসেন (৩৫) কৌশলে ওই দুই বোনকে জুস খেতে দেয়। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে রাতভর পালাক্রমে তাদের ধর্ষণ করে ফারুক। অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পালিয়ে যায় ফারুক ও তার সসযোগীরা। শনিবার সকালে  জ্ঞান ফিরলে ঘটনাটি পরিবারের লোকজনকে তারা জানায়।
 
শনিবার দুপুরে ওই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ঘটনায় জড়িত অভিযোগে বাড়ির মালিক শাহজাহানের স্ত্রী হোসনে আরাকে আটক করে পুলিশ।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. সাইফুল ইসলাম জানান, ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে ভিকটিমদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে।