পাকস্থলীতে ১৭ প্যাকেট ইয়াবা!

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৮:২৩
চট্টগ্রামে এক মাদক ব্যবসায়ীর পাকস্থলী থেকে ১৭ প্যাকেট ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল হাকিম নামে এক যুবককে আটক করা হয়েছে।
 
শুক্রবার গভীর রাতে নগরীর অলংকার মোড় থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষা করছিলেন। আটকের পর তাকে নিকটস্থ একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পেটের এক্সরে করানো হয়। এক্সরেতে তার পাকস্থলীর ভেতরে গোলাকার কিছু বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।
 
জিজ্ঞাসাবাদে নুরুল হাকিম পেটের মধ্যে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। প্রায় দেড় ঘণ্টা পর প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে নুরুল হাকিমের পেট থেকে একে একে ১৭টি পলিথিনের প্যাকেট বের হয়ে আসে। প্যাকেটগুলোর মধ্যে ৩৪০টি ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক লাখ দুই হাজার টাকা।   
 
জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবার প্যাকেটগুলো তিনি ম্যাঙ্গো জুসের সঙ্গে গিলে ফেলেন। এগুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত থাকার কথাও তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।
 
সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়ানোর জন্য মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে ইয়াবা বহন করে আসছে।