বাফুফের বকেয়া সমন্বয় করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৮:২৪
শেষ হয়ে গেছে বাফুফের নির্বাচন। আবারো ফুটবলের সর্বোচ্চ কর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দীন। এর আগে বার্ষিক সাধারণ সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় বাফুফে। এর মধ্যে জানানো হয় বাফুফের বকেয়া টাকা দিবে স্পন্সর প্রতিষ্ঠান।
 
শনিবার (৩০ এপ্রিল) বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমন তথ্য জানান।
 
তিনি বলেন, গত এক বছরে বাফুফের আয় হয়েছে ৩১ কোটি টাকা। ব্যয় ৩৩ কোটি ৭৬ লাখ। আর ঘাটতি রয়েছে আড়াই কোটি টাকা। এই ঘাটতি ২০১৬ এর বাজটের সঙ্গে সমন্বয় করা হবে।
 
২০১১ সালের ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচে আয়োজনের ৮ কোটি ১০ লাখ টাকার যে বকেয়াটি আছে সেটি সমন্বয়ের দায়িত্ব স্পন্সর প্রতিষ্ঠানের। নতুন নির্বাচিত কমিটি কোনভাবেই এই বকেয়া পরিশোধের দায়িত্ব নেবে না।
 
এদিন এজিএমে বেশি গুরুত্ব পায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচের লোন বাবদ ৮ কোটি ১০ লাখ টাকার বিষয়টি। সংবাদকর্মীরা বারবারই ঘুরে ফিরে এই প্রশ্নটিই করছিলেন। বিষয়টি নিয়ে বাফুফে’র এই সংগঠক পরিষ্কার করেই জানান, আইএফআইসি ব্যাংকে আমাদের যে লোনটি আছে সেটার কোন লভ্যাংশ যোগ হয়নি।আমরা স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, তারা এটা সমন্বয় করে দেবেন। আমরা অতি দ্রুত এ বিষয়ে চিঠি পেয়ে যাব। এটা সমন্বয়ের দায়িত্ব আগের কমিটি ও স্পন্সর প্রতিষ্ঠানের। নব নির্বাচিত কমিটির কোন দায়বদ্ধতার থাকবে না।’