ভারত সরকারের পক্ষ থেকে রংপুর বিভাগের ৬৬ জন মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজনে রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ভারত সরকারের পক্ষ থেকে শনিবার রংপুর বিভাগের ৬৬ জন মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা টিপু মুনসী।
রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা রজত হংস, রংপুরের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
প্রধান অতিথি ভারত সরকারের সহযোগিতায় রংপুর বিভাগের স্নাতক পর্য়ায়ে অধ্যয়নরত ৬৬ জন মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। এসময় মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে সর্বমোট ১৫ লক্ষ ৮৪ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
