প্রধানমন্ত্রীর জাপান সফর: জাপান আওয়ামী লীগসহ প্রবাসীদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২১:২৮
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর উপলক্ষে জাপান আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় বৈঠকটি আরম্ভ হয়ে দুপুর ১২ টায় শেষ হয়। জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
 
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানে আসার পরবর্তীতে প্রবাসীদের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা করা হয় এবং প্রবাসীদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনার বিষয়েও কথা বলা হয়।
 
এ সময় রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তার বক্তব্যে বলেন, কোনো দেশের প্রধানমন্ত্রী সেই দেশের। কোনো দল বা গোষ্ঠীর নয়। তাই নাগরিক সংবর্ধনা নিয়ে প্রবাসী বাঙালিদের মধ্যে যেন কোনো রকম প্রতিযোগিতা না থাকে এবং দলাদলি না থাকে তা আপনাদের কাছে আমার প্রত্যাশা।
 

তিনি বলেন, আমি জানি প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে আপনাদের মধ্যে অনেক  উত্সাহ ও উদ্দিপনা বিরাজ করছে। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এ সফর হবে বাংলাদেশের জন্য এবং সকল প্রবাসী বাঙালির জন্য এক মাইলফলক।