নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আগামীকাল রবিবার বন্দরনগরী এবং সমগ্র জেলায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মে দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিকদল, সাংস্কৃতিক ও ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো আলোচনাসভা, সমাবেশ, মানববন্ধন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করবে। নগরীর বিভিন্ন এলাকাসহ শিল্পএলাকাগুলো, যেমন- সীতাকুন্ড, ফৌজদারহাট, পতেঙ্গা, নাসিরাবাদ, কর্নফুলী, বায়েজিদ ও কালুরঘাটে শ্রমিকরা সমাবেশ ও শোভাযাত্রায় অংশগ্রহন করবে।
শ্রম অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর মে দিবস উপলক্ষে আগামিকাল নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে 'মহান মে দিবসের তাৎপর্য' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন। দিবসটি উপলক্ষে বিভিন্ন দৈনিক পত্রিকা বিশেষ ক্রোড়পত্র বের করবে এবং বেতার ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
এছাড়াও, মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সংবাদপত্র হকার ইউনিয়ন, চট্টগ্রাম সংবাদপত্র কর্মচারি ইউনিয়ন প্রভৃতি সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
