লেস্টারের স্বপ্নপূরণের রাত?

আপডেট : ০১ মে ২০১৬, ১৪:৫৩
লেস্টার সিটি স্বপ্নপূরণের শেষ ধাপে এসে দাঁড়িয়েছে। আজ রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জিতলেই প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তুলে নেবে গত মৌসুমে অল্পের জন্য রেলিগেশন এড়ানো ক্লাবটি। কিন্তু চলতি মৌসুমে দলটি  ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েই একের পর এক জয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগ জয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে।
 
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অনুষ্ঠিতব্য খেলাটিকে ঘিরে এখন সাজ সাজ রব ইংলিশ ফুটবলে। বার্তা সংস্থার খবর লেস্টারের সমর্থকরা ভিড় জমাচ্ছেন ম্যানচেস্টার শহরে। তবে কোচ র্যানেরি বলেছেন শিরোপা জিততে হলে তার দলকে ওল্ড ট্র্যাফোর্ডে বিপক্ষের মাঠের সেরা লড়াইটি দিতে হবে।
 
শিরোপা লড়াইয়ে লেস্টারের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার গত সোমবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সাথে ড্রয়ে বাধ্য হলে লেস্টারের সমীকরণটি সহজ হয়ে নেমে আসে অবশিষ্ট তিন খেলা থেকে কেবল সমানসংখ্যক পয়েন্ট। কোচ ক্লদিও রানিয়েরির দল লেস্টার তাই ওল্ড ট্র্যাফোর্ডে জিততে না পারলেও সমস্যায় পড়বে না। কেননা এরপরও তাদের হাতে থাকবে দুই খেলা। সেখান থেকে তিন পয়েন্ট পেলেও সবার ওপরে থেকে প্রিমিয়ার লিগ জিততে পারবে দলটি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরবর্তী দুটি খেলাতেও তাদের কঠিন প্রতিপক্ষ এভারটন ও চেলসির মুখোমুখি হতে হবে।  
 
রানিয়েরি অবশ্য আত্মবিশ্বাসী যে তার দল অ্যানফিল্ডেই লক্ষ্যপূরণ করে ফেলতে পারবে। সে জন্য অবশ্য দরকার দাপুটে নৈপুণ্য। ইতালিয়ান কোচটি বলেন, ‘আমাদের জন্য ত্রুটিহীন একটা ম্যাচ খেলা দরকার। বিপক্ষের মাঠে মৌসুমের সেরা খেলা। আমাদের এটা করতেই হবে। এটা ভালো যে আমরা বিশেষ কিছু করছি। এবং লেস্টারের সবার জন্য আমি খুবই গর্বিত।’ তিনি আরো বলেন, ‘এ গল্পটির ব্যাপারে ভালো অনুভূতি রয়েছে। তবে গল্পটা আমেরিকান চলচ্চিত্রের মতো শেষ করতে পারাটা গুরুত্বপূর্ণ। সুখী সমাপ্তির মতো। নিজেদের মনোযোগকে শতভাগে তোলাটা গুরুত্বপূর্ণ। এই ফুটবল কাহিনিটা খুবই দারুণ। সে জন্য খেলটিতে মনোনিবেশ করতে হবে। আমি আমার খেলোয়াড়দের শান্ত থাকতে বলব না। তাদের বরং বলব ক্ষুধার্ত থাকতে।’
 
ইউনাইটেড অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লক্ষ্যে এ খেলাটিতে জয়ের জন্য মরিয়া থাকবে। তা ছাড়া এফএ কাপের সেমিফাইনালে এভারটনের বিরুদ্ধে জয় পাওয়ার কারণে লেস্টারের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী থাকবে। ম্যানইউ কোচ লুই ফন গলের জন্য কাজটা সহজ হবে না। বরং তিনি আশা করছেন র্যানেরির বিরুদ্ধে খেলাটা কঠিন হবে। কেননা স্পেনে কোচিং করানোর সময় উভয়েই একে অপরকে মোকাবিলা করেছেন। ফন গল ছিলেন বার্সেলোনার কোচ। র্যানেরি তখন ভ্যালেন্সিয়ায়। তাই ডাচ ফন গল  বলেন, ‘তার দলকে হারানো কখনোই সহজ নয়। ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা কম-বেশি ডার্বি ম্যাচই খেলত। তিনি সব সময়ই তার দলকে ভালোভাবেই গুছিয়ে রাখেন।’
 
রানিয়েরির এ খেলাটিতে ঘাটতি বলে যদি কিছু থাকে তবে তা হলো লেস্টারের স্ট্রাইকার জেমস ভার্ডিকে না পাওয়া। ভার্ডি লাল কার্ড পাওয়ায় খেলতে পারছেন না। সে তুলনায় স্বাগতিক ম্যানইউ’র কোনো ইনজুরি  সমস্যা নেই। মজার ব্যাপার হলো এবারের লিগের শুরুতে শিরোপা জয়ের জন্য বাজির বাজারে লেস্টার ছিল ৫০০০-১-এ। এর মানে তাদের কোনো সম্ভাবনাই ছিল না। মূলত আগেরবার রেলিগেশন এড়াতে হিমশিম খাওয়াই এর কারণ। কিন্তু একের পর এক জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে পেছনে ফেলে সর্বশেষ তাদের দর হলো ১-১৬। থাইল্যান্ডের বিলিওনার ভিচাই শ্রিভাদ্ধনাপ্রভার মালিকানাধীন লেস্টার এরই মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে। অথচ কেউ ভাবেনি তারা অমন বিস্ময়যাত্রার দেখা পাবে।