বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অধিকার আদায়ের জন্য দেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে।
রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে। এই সরকারের কাছে শুধু শ্রমিক কেন কোনো মানুষের কোনো অধিকার নেই। তাই নিজেদের অধিকার আদায়ে সকলকে আন্দোলন করতে হবে।
বিকেল সাড়ে ৩টার মধ্যে খালেদা জিয়ার সভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও তিনি সোহরাওয়ার্দীতে পৌঁছান বিকাল সোয়া ৪টার পর। তিনি মঞ্চে ওঠার সময় নেতাকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। খালেদা জিয়া হাত নেড়ে শ্রমিকদের অভিনন্দনের জবাব দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ শ্রমিক দলের নেতারা সভামঞ্চে উপস্থিত ছিলেন।
এর আগে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বেলা দেড়টার দিকে সমাবেশ শুরু হয়। নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে হাজির হতে থাকেন দুপুর থেকেই। এ সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে উদ্যান এলাকায় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে পুলিশের জলকামাল, প্রিজন ভ্যানও প্রস্তুত দেখা গেছে। এর মধ্যেও খালেদা জিয়া পৌঁছানোর ঘণ্টাখঅনেক আগে মঞ্চের পশ্চিম দিকে সামনের অংশে বসা নিয়ে শ্রমিকদের মধ্যে পানির বোতল ছোড়াছুড়ি হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
