হ্যামস্ট্রিং পেশিতে চোট পাওয়ায়তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রবিবার এমনটাই জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের সাবেক চিকিৎসক।
এর আগে মাঠে ফিরলে তার অবস্থার অবনতির ঝুঁকি আছে এবং তারকা এই ফরোয়ার্ডের ২০১৬ ইউরোতে নাও খেলা হতে পারে বলে শঙ্কা করছেন তিনি।
২০ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-০ গোলে জেতা ম্যাচের শেষ মুহূর্তে চোট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। সেই থেকে মাঠের বাইরেই আছেন তিনি। রিয়াল আশা করছে, আগামী বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচের আগে সেরে উঠবেন রোনালদো।
তবে পর্তুগাল দলের সাবেক চিকিৎসক নুনো কাম্পোস জানান, প্রতিবেদন সত্যি হলে ৩১ বছর বয়সী রোনালদোকে অবশ্যই বিশ্রাম নিতে হবে।
