মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া ও চোখতোলা এলাকায় ট্রাকের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত আলগামনের যাত্রী তিন মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। আহতরা হলেন, এ উপজেলার কাষ্টদহ গ্রামের কিয়াম উদ্দীনের ছেলে হাসান আলী (৪৮), ইসরাফ আলী (৫৫) ও আব্বাছ আলীর ছেলে আলগামন চালক জামিল উদ্দীন (৫০)। আজ রোববার রাত ৮ টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
এদের মধ্যে জামিল উদ্দীনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মাছ ব্যবসায়ী ইসরাফ আলী জানান, জোড়পুকুরিয়া বাজারে সব মাছ বিক্রি না হওয়ায় গাংনী বাজারে রাতে মাছ বিক্রির উদ্দেশ্যে জোড়পুকুরিয়া বাজার থেকে আলগামনে চড়ি। চোখতোলার মাঠ ছেড়ে এসে চেংগাড়ার কাছাকাছি পৌছাতেই মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলগামনটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মারাত্বক আহত হয় চালক জামিল উদ্দীন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা জানান, জামিল উদ্দীনের ডান পা ভেঙ্গে গেছে। এছাড়া বাকীদের মাথায় আঘাত হয়েছে।
