ইউনাইটেডের সঙ্গে লেস্টারের ড্র

আপডেট : ০২ মে ২০১৬, ১০:৩৭
ইংলিশ প্রিমিয়ারের চলতি মৌসুমে দারুণ খেলতে থাকা লেস্টার সিটির শিরোপা প্রায় নিশ্চিত। তবে শতভাগ নিশ্চিতের জন্য আরো কয়েকদিন অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের।  কারণ রবিবার ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি।
 
জয় পেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই শিরোপার আনন্দ করতে পারতো ১৩২ বছর ধরে শিরোপাখরায় ভোগা দলটি।
 
গত মৌসুমের শেষের দিকে সবশেষ ৯ ম্যাচের ৭টি জিতে অবনমন এড়ায় তারা। আর এবারে মৌসুমের শুরুর দিক থেকে শীর্ষস্থানটি ধরে রেখেছে ৬৪ বছর বয়সী কোচ ক্লদিও রানিয়েরির শিষ্যরা।
 
এদিন ম্যানইউয়ের বিপক্ষে ম্যাচের প্রথমেই গোল হজম করতে হয়। তারা মাঠে নেমেছিল সেরা তারকা জেমি ভার্ডিকে ছাড়াই। রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ভার্ডি। তবে, এ ম্যাচের মধ্যদিয়ে তার নিষেধাজ্ঞা উঠে গিয়েছে।
 
খেলার অষ্টম মিনিটে ফ্রান্সের ২০ বছর বয়সী উঠতি তারকা স্ট্রাইকার অ্যান্থোনি মার্শিয়াল গোল করে ম্যানইউকে লিড এনে দেন।  তবে, খুব বেশি সময় এগিয়ে থাকতে পারেনি ম্যানইউ।   খেলার ১৭ মিনিটের মাথায় স্বাগতিকদের জালে বল জড়ান লেস্টার তারকা ওয়েস মরগান।
 
আর বাকি সময়ে কোনো দল গোল করতে না পারলে ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুই দলকে।