প্যাটেলের হ্যাটিট্রিকে পাঞ্জাবের জয়

আপডেট : ০২ মে ২০১৬, ১০:৫৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) পাঞ্জাবের বোলার অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকে লিগ টেবিলের শীর্ষে থাকা গুজরাট লায়ন্সকে ২৩ রানে হারিয়েছে তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাব।
 
রবিবার বিকেলে টস জিতে পাঞ্জাবকেই প্রথমে ব্যাটিয়ের আমন্ত্রণ জানায় গুজরাট। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৪ রান তুলে প্রীতি জিন্তার দল। নতুন অধিনায়ক মুরলী বিজয় ৪১ বলে ৫৫ রানের ইনিংস খেলেন।
 
গুজরাটের হয়ে তিনটি উইকেট নেন কৌশিক। দুটো করে উইকেট পান প্রবীণ কুমার এবং ডোয়েন ব্রাভো। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানেই ৫ উইকেট পড়ে যায় গুজরাট লায়ন্সের। ডোয়েন স্মিথ আর ম্যাককালাম গোটা প্রতিযোগিতাতেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। যদিও এদিন কেউই কিছু করতে পারেননি। ফকনার একটা চেষ্টা করেছিলেন বটে। কিন্তু তার ২৭ বলে ৩২ রানে ম্যাচ জেতা সম্ভব ছিল না।
 
হ্যাটট্রিকসহ ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন অক্ষর প্যাটেল। মূলত তার বোলিং তোপেই শেষ পর্যন্ত গুজরাট ১৩১ রানেই গুটিয়ে যায়।  ফলে ২৩ রানের জয় তুলে নেয় পাঞ্জাব।