ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। রবিবার রোহিত শর্মার ৬০ বলে অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংসে ৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।
টসে জিতে পুনেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় পুনে, দলের ইনফর্ম ব্যাটসম্যান রাহানে মাত্র ৪ রান করে ফিরে যান।
তবে দলের এই প্রাথমিক বিপর্যয় মোকাবিলা করেন ওপেনার তিওয়ারি এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। গত ম্যাচে শতক হাঁকানো স্মিথ এই ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। এই দুজন মাত্র ৪৫ বলে ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
স্মিথ ২৩ বলে চারটি চার এবং তিনটি ছয় হাঁকিয়ে ৪৫ রান সংগ্রহ করেন। বুমরাহর বলে উইকেটের পিছনে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে স্মিথ ফিরে গেলে দলের রান রেটে তার প্রভাব পড়ে। অপরদিকে পিটার ১২ বলে মাত্র ৬ রান করে হরভজনের বলে বাটলারের তালুবন্দি হন।
তবে রানের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিওয়ারি। তিনি ৩৯ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন, কিন্তু এরপর তিনিও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ৪৫ বলে ৫৭ রান করে বুমরাহর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। শেষ পর্যন্ত অধিনায়ক ধোনির ২৪ রানের সুবাদে ১৫৯ রানেই থামতে হয় পুনেকে।
১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের মাত্র ২টি উইকেটের পতন ঘটে। ২১ রানে ফিরে যান পার্থিব প্যাটেল, রাইডু আউট হয়েছেন ২২ রান করে। তবে রোহিতের ৬০ বলে অপরাজিত ৮৫ ও বাটলারের অপরাজিত ২৭ রানের ইনিংসে ৮ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই।
