আগামী মৌসুমেও ম্যানইউতে থাকতে চান ফন গাল

আপডেট : ০২ মে ২০১৬, ১৩:৪৩
আগামী মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে থাকার ইচ্ছা আবারো পুনরাবৃত্তি করেছেন বর্তমান কোচ লুইস ফন গাল। ব্রিটিশ কয়েকটি গণমাধ্যমে ফন গালের এই বিশ্বাস সম্পর্কে জোরালো দাবি জানানো হয়েছে। 
 
গত কয়েক মাস যাবতই ক্লাবের বাজে পারফরমেন্সের কারণে ফন গালের চাকরি নিয়ে সংশয় দেখা দেয়। সাম্প্রতিক গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি রিপোর্টে জানা গেছে চেলসির সাবেক ম্যানেজার হোসে মরিনহো ইতোমধ্যেই চলতি মৌসুমের শেষে ইউনাইটেডের দায়িত্ব নিতে রাজী হয়েছেন। কিন্তু ফন গাল তার তিন বছরের চুক্তির শেষ বছরটিতেও কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর। 
 
এফএ কাপের ফাইনালে ইউনাইটেডকে নিয়ে যাওয়া ফন গাল বলেছেন, ‘আমার সাথে ক্লাবের সার্বক্ষণিক আলোচনা হচ্ছে। আমরা সবাই জানি একজন কোচের সাথে সাধারণত কোন ক্লাব তিন বছরের চুক্তি করে। কিন্তু আমি দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হতে চেয়েছিলাম। 
 
ক্লাবই আমার সাথে তিন বছরের জন্য চুক্তি করতে চেয়েছে, আমি নই। তাদের আগ্রহের কারণেই আমি তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করি, সে কারণেই আগামী বছরও আমাকেই তাদের সাথে দেখা যাবে। গত ছয় মাস যাবত প্রতি সপ্তাহেই আমাকে বরখাস্ত করা হচ্ছে, কিন্তু এখনো কিন্তু আমি দলের সাথেই আছি। আগেও অন্য ক্লাবের সাথে আমার এমনটাই হয়েছে। বাসস।