রায়গঞ্জে ভ্যানচালকের লাশ উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৬, ১৪:০১
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান- নিহত যুবক রঞ্জু (৩৫) জেলার কাজিপুর উপজেলার ঝুমকাইল শুভগাছা ইউনিয়নের হাপানিয়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। সে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বেলগাড়ি গ্রামের জনৈক মোস্তফার বাড়িতে ভাড়া থেকে অটোভ্যান চালাতো। রবিবার বিকালে ভ্যান নিয়ে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি।
 
পুলিশের ধারণা, রবিবার রাতের কোন এক সময় রঞ্জুর অটোভ্যান ছিনিয়ে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা ঐ স্থানে তার লাশ ফেলে রেখে গেছে।
 
এ ব্যাপারে নিহতের ছোট ভাই মাজাহারুল ইসলাম বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।