এবার আইপিএল থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ

আপডেট : ০২ মে ২০১৬, ১৪:২২
ইনজুরি যেন পিছু ছাড়ছে না রাইজিং পুনে সুপারজায়ান্টসের। কেভিন পিটারসন, ফাফ ডু প্লেসিস ও মিশেল মার্শের পরে চতুর্থ বিদেশী খেলোয়াড় হিসেবে এবার কব্জির ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ।
 
যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ান স্পোর্টস সাইন্স ও স্পোর্টস মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কোনটোরিস জানিয়েছেন স্মিথের ইনজুরি ততটা গুরুতর নয়। কিন্তু মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে বিশ্রামের জন্য স্মিথকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ সম্পর্কে কোনটোরিস এক বিবৃতিতে জানিয়েছেন, গত সপ্তাহে স্মিথ ডান কব্জিতে ব্যথা অনুভব করেন। এরপরেই আমরা স্মিথের আইপিএল ফ্র্যাঞ্চাইজি পুনের সাথে এ ব্যাপারে যোগাযোগ শুরু করি। পরবর্তী আরো কিছু পর্যবেক্ষনের জন্য ইতোমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্মিথকে দেশে ফিরে আসতে বলা হয়েছে। 
 
সম্প্রতি আইপিএল এ ব্যাট হাতে বেশ ফর্মে ছিলেন স্মিথ। গুজরাট লায়ন্সের বিপক্ষে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিরও দেখা পেয়েছেন। তার অনুপস্থিতিতে সুপারজায়ান্টসের ব্যাটিং লাইন-আপে বড় শূন্যতার সৃষ্টি হলো। আট ম্যাচে ছয়টি পরাজয় দিয়ে ইতোমধ্যেই টেবিলের শেষের দিকে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির পুনে।  নিজেদের ভাগ্য ফেরাবার জন্য তাদের হাতে আর মাত্র ছয়টি ম্যাচ রয়েছে। কিন্তু ইনজুরির তালিকা দীর্ঘ হওয়ায় সেই স্বপ্ন এখন ফিকে হবার পথে। আগামী ৫ মে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পুনে স্বাগতিক দিল্লীর মুখোমুখি হবে। বাসস।