নিউইয়র্কে আলোচনা সভায় শিল্পমন্ত্রী

‘জয়কে হত্যাচেষ্টা বাঙালি জাতিকে আবারো মেধাশূন্য করার ষড়যন্ত্র’

আপডেট : ০২ মে ২০১৬, ১৪:৩৯
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ডিজিটাল বাংলাদেশের মূল কারিগর প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যখন হত্যার প্রচেষ্টা হয় তখন বুঝতে হবে বাঙালি জাতিকে আবারো মেধাশূন্য করার ষড়যন্ত্র চলছে।
 
স্থানীয় সময় রবিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক আলোচনা সভায় এ আহ্বান জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মহান মে দিবস উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নান্দুস কমিউনিটি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
 
আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতার ঊষালগ্নে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র শুরু হয়েছিল। ১৬ ডিসেম্বর আমরা যদি মুক্তিযুদ্ধে বিজয় অর্জন না করতাম তাহলে বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে হত্যা করা হতো। তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আর এজন্য ঐক্যের বিকল্প নেই।
 
তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ যাতে বাস্তবায়িত না হয় এবং আইটি সেক্টরে সারা বিশ্বে বাঙালি জাতি যে আলোড়ন সৃষ্টি করেছে তা ধ্বংস করে দেয়া।
 
মন্ত্রী বলেন, এই ষড়যন্ত্র ব্যক্তি জয়ের বিরুদ্ধে নয়, এটা গোটা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এই ষড়যন্ত্র মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলীর সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, নিউইয়র্ক স্টেট শাখার সাধারণ সম্পাদক শাহীন আজমল প্রমুখ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী আলোচনা সভায় যোগ দেন।