সিংড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ ৬জন আহত

আপডেট : ০২ মে ২০১৬, ১৪:৫৮
 
নাটোরের সিংড়ায় পুলিশ বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ পুলিশ সদস্য ও মাইক্রোবাস চালকসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৮টার দিকে উপজেলার জামতলী বাজার এলাকার আজুরদর্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
আহতদের গুরুতর অবস্থায় বগুড়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা হলেন, এস আই আমির হামজা (৩৫), কনস্টেবল রিপন (৩২), ইয়াসিন (৩৩), আরিফ (৩৭), হেকমত (৩৮) ও মাইক্রোবাস চালক হানিফ (২৮)। আহত পুলিশ সদস্যরা সবাই কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মণ্ডল ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সকালে সরকারি কাজে কুষ্টিয়া থেকে মাইক্রোবাস (ঢাকা মেট্টো-ট-১৫-৮১১১) যোগে বগুড়া ক্যান্টনমেন্ট এ যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। 
 
পথিমধ্যে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার এলাকার আজুরদর্গায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় রিপনকে বগুড়া এবং হেকমত, ইয়াসিন ও আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।