‘খুনিদের ধরতে সরকার মোটেও আন্তরিক নয়’

আপডেট : ০২ মে ২০১৬, ১৫:০৮
 
লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন অধ্যাপক বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের ধরতে সরকার মোটেও আন্তরিক নয়। এভাবে একটি দেশ চলতে পারে না।
 
সোমবার বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ড. মুহম্মদ জাফর ইকবাল।
 
তিনি বলেন, এর আগে বিভিন্ন সময়ে ব্লগার, লেখক ইত্যাদি বলে বলে মানুষ খুন করত। এখন একজন শিক্ষক, যিনি কিনা সংস্কৃতিমনা, তিনি নিজেও সঙ্গীত পছন্দ করতেন, সেতার বাজাতেন, তাকেও হত্যা করা হল।
 
জাফর ইকবাল বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হলেও সরকারের আন্তরিকতার অভাবে তারা জামিনে বের হয়ে যাচ্ছে।
 
কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগে কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. মো: সাজেদুল করিম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম প্রমুখ।