কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে এক জেলেসহ দুইজনের মৃত্যা হয়েছে।
সোমবার ভোর রাত একটার দিকে বজ্রপাতে তারা মারা যান। এরা হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে লবণ চাষী রবিউল হাসান (১৯) ও টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে জেলে মো. সিরাজ আহমেদ (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়েন সিরাজ। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সকাল ১০ টার দিকে জালিয়ার পাড়ার সংলগ্ন নাফনদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
একই দিন রবিউল হাসান লবণ মাঠের কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এসব তথ্যের সত্যতা নশ্চিত করেছেন।
