মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০২ মে ২০১৬, ১৯:০১
শ্রীলংকা সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিনিয়োগ আরও বাড়ানো হবে। সরকার দেশের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে আরো বিনিয়োগ করবে।
 
স্বাস্থ্যমন্ত্রী সোমবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে ক্যাসল স্টিট হসপিটাল ফর উইমেন পরিদর্শনকালে সেখানকার চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন।
 
মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ ও সাফল্যের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু রাজধানী বা জেলা শহর নয়, গ্রামের ওয়ার্ড পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও এখন নিরাপদ প্রসব সম্পন্ন হচ্ছে। যা বিশ্ব নেতৃবৃন্দ প্রত্যক্ষ করে বাংলাদেশকে উদাহরণ হিসাবে চিহ্নিত করেছেন। সরকারের স্বাস্থ্য কর্মীরা গত কয়েক বছরে গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে নারী স্বাস্থ্য এবং শিশুর পুষ্টি নিয়ে প্রচার চালাচ্ছেন যা সার্বিকভাবে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।
 
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কক্ষ ঘুরে দেখেন। তিনি সেখানকার চিকিৎসক, কর্মকর্তা, রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে ধারণা নেন। কনস্বোর ক্যাসল স্ট্রিট হসপিটাল ফর ইউমেন সেদেশের প্রাচীন হাসপাতালের অন্যতম।
 
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো: নুরুল হক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) ফয়েজ আহমেদ, বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এন পারানিথরণ এবং শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এর আগে সকালে মোহাম্মদ নাসিম শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করে সেখানকার কর্মপদ্ধতি প্রত্যক্ষ করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. পালিথা গুনারুনা মহিপালা এ সময় তাকে অভ্যর্থনা জানন।
 
স্বাস্থ্যমন্ত্রী রবিবার শ্রীলংকা সরকারের আমন্ত্রণে কলম্বো যান। আগামী ৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।