স্কুলে যেতে না দেয়ায় আত্মহত্যা

আপডেট : ০২ মে ২০১৬, ২৩:৩৩
ছোট ভাইয়ের অসুস্থ্যতার জন্য স্কুলে যেতে নিষেধ করেছিলেন মা। এ ঘটনায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মনিরা আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী।
সোমবার দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের আওলাখুড়ি সরকারপাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারী মনিরা আক্তার ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং গোলাপগঞ্জ আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, আমিনা আক্তার সকালে স্কুল ড্রেস পড়ে স্কুলের যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময়  অসুস্থ্য ছোটভাইকে ছেড়ে স্কুলে যেতে নিষেধ করেন তার মা। এতে মনিরা বাড়ির সকলের অলক্ষ্যে নিজের শয়ন কক্ষের বর্গার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।