রানে ফিরতে মরিয়া সৌম্য

আপডেট : ০৩ মে ২০১৬, ০৮:৫৭
অনেক দিন ধরেই রান খরায় ভুগছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ফর্মে নেই সাতক্ষীরায় জন্ম নেয়া এই ক্রিকেটার। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দুই রাউন্ড শেষ হলেও এখনও রান খড়া কাটিয়ে উঠতে পারেননি লিজেন্ডস অব রূপগঞ্জের এই ওপেনার।
 
তবে রানে ফিরতে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এমনকি নিজের কোচ রুশো স্যারের (আখিনুজ্জামান রুশো) পরমর্শও নিয়েছেন। গতকাল সৌম্য বললেন, ফর্মে ফেরার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। এতকিছুর পরও সৌম্য আশাবাদী পরের ম্যাচে রান করে পুষিয়ে নেয়ার ব্যাপারে।
 
প্রিমিয়ার লিগের সূচি অনুসারে গতকাল ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লিগের তৃতীয় রাউন্ডের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। কিন্তু আগের দিন সন্ধায় ঝড়-বৃষ্টি হলে ফতুল্লাহ স্টেডিয়ামের উইকেটের অর্ধেকটা ভিজে যায়। যার কারণে গতকাল নির্ধারিত সময় সকাল ৯টায় খেলা তো শুরু হয়ইনি; ১১টার দিকে ম্যাচ রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন। লিগে একদিন করে রিজার্ভ ডে থাকায় আজ মঙ্গলবার খেলাটি যথাসময়ে শুরু হবে।
 
এ দিন অনুশীলন শেষে রূপগঞ্জের তারকা ক্রিকেটার সৌম্য সরকার বলেন, ‘আমার আসলে অনেক ঘাটতি আছে, ঘাটতি যদি নাই থাকত তাহলে অবশ্যই রান পেতাম। চিন্তা করছি ফর্মে ফেরার জন্য। রানে ফেরার জন্য অনেক কষ্ট করে যাচ্ছি।’
 
রানে ফেরার জন্য কারো দ্বারস্থ হয়েছেন কি? এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন, ‘আমি আমার বিকেএসপির কোচ আখিনুজ্জামান রুশো স্যারের পরামর্শ নিয়েছি। উনি প্রিমিয়ারে আমার খেলাগুলো দেখতে পারেননি। আমি ওনাকে ফোন করে আমার ভুলগুলো নিয়ে কথা বলেছি। উনিই আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। সে অনুসারে আগাচ্ছি। আশা করছি পরের ম্যাচগুলোতে ভালো করতে পারব।’
 
গতবছর প্রিমিয়ার লিগে আপনি রান সংগ্রহের দিক দিয়ে সেরা পাঁচে ছিলেন? ‘আসলে গতকাল রাতেই এটা নিয়ে আমি চিন্তা করেছি। দুইটা ম্যাচ শেষ হয়েছে, দুই ম্যাচে আমার রান মাত্র ১১। অনেকে হয়ত ২০০ রান করে ফেলেছে। আমি তাদের তুলনায় অনেক পিছিয়ে আছি। আবার চিন্তা করলাম যে না, মাত্র দুইটা ম্যাচ শেষ হয়েছে। এখনও অনেক ম্যাচ বাকি আছে। এখন থেকেও যদি ভালো খেলা শুরু করি তাহলে ভালো একটা পজিশনে যাওয়া সম্ভব। চেষ্টা করছি কাভার করে নিতে। তার চেয়েও চিন্তা হচ্ছে ফর্মে ফেরা নিয়ে।’
 
দল হিসেবে নিজেদের লক্ষ্য প্রিমিয়ারে চ্যাম্পিয়ন হওয়া। এমনটি জানিয়ে রূপগঞ্জের ওপেনার সৌম্য বলেন, ‘শুরু থেকেই আমরা চিন্তা করেছি চ্যাম্পিয়ন হওয়ার। টিম হিসেবে সেভাবেই খেলছি।’
 
প্রিমিয়ার লিগে খেলার জন্য পাকিস্তানি আসহার জায়েদীকে দলে নিয়েছে রূপগঞ্জ। প্রথম দুই ম্যাচ খেলে ব্যাট হাতে ৪৭ রান এবং বল হাতে দুই উইকেট শিকার করা জায়েদী কাউন্টি ক্রিকেট খেলতে পরশু রাতেই ঢাকা ছেড়েছেন। তার পরিবর্তে ভারতীয় ক্রিকেটার জালাজ সাকসেনাকে নিয়ে এসেছে রূপগঞ্জ।
 
গতকাল অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের হাঁটুর নিচে মাংস পেশিতে টান নিয়ে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন সাকসেনা। আজ মোহামেডানের বিপক্ষে তার খেলা নিয়ে রয়েছে সন্দেহ। বিদেশি ক্রিকেটার নিয়ে সৌম্য বলেন, ‘বিদেশি একজন মাত্র খেলে। সেটা নিয়ে তেমন চিন্তা না করে, বাকি দশজন নিয়েই চিন্তা করি। বিদেশিদের জন্য অনেক চ্যালেঞ্জ। আমরা যে দশজন আছি সেটা নিয়ে চিন্তা করছি। তবে বিদেশি ক্রিকেটার থাকলে নিজেদের মধ্যে উত্সাহ থাকে। ও যদি ভালো খেলে তাহলে সবাই মিলে দলটাকে একটা ভালো পজিশনে দাঁড় করানোও সম্ভব হয়।’