নাটোর সদর উপজেলায় এক মাছ চাষিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুর রাজ্জাক (৩২) শহরের তেবাড়িয়া এলাকার আব্দুল মোমিনের ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলার ইয়াছিনপুর রেলস্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নাদিম হোসেন (২৩), মোমিন হোসেন (৩২), কামাল হোসেন (২৬) ও মিঠুন আলী (২৪) নামে চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ইয়াছিনপুরে রাজ্জাকের কয়েকটি মাছ চাষের পুকুর রয়েছে। ভোরে তিনি মোটরসাইকেলে করে সেখানে যান। পরে ওই এলাকার লোকজন থানায় খবর দিলে রেলস্টেশনের পাশের একটি জমি থেকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা রাজ্জাককে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
