যুদ্ধাপরাধ: কিশোরগঞ্জের শামসুদ্দিনসহ ৫ জনের রায় পড়া চলছে

আপডেট : ০৩ মে ২০১৬, ১১:২১
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই সহোদর শামসুদ্দিন ও নাসিরসহ পাঁচজনের মামলার রায় পড়া শুরু হয়েছে।
 
মঙ্গলবার সকাল পৌনে ১১ টার থেকে ৬২৮ প্যারাগ্রাফ সম্বলিত ৩৩০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
 
রায়ের প্রথম অংশ পাঠ করছেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. সোহরাওয়ার্দী। দ্বিতীয় অংশ পড়বেন বিচারিক প্যানেলের অন্য সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম। সবশেষে রায়ের মূল অংশ অর্থাৎ সাজা ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক।
 
এটি মানবতাবিরোধী অপরাধ মামলার ২৩তম রায়।
 
একই মামলার ওই পাঁচ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ। পলাতক চারজন হচ্ছেন শামসুদ্দিনের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম।