চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫

আপডেট : ০৩ মে ২০১৬, ১৫:১৯
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ১৫ জনের মধ্যে ১১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকি চারজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার ডুলাহাজারা রংমহল এলাকার আহমদ হোসেনের ছেলে মো. তারেক (২৫), ডুলাহজারা রিংভং ছগিরশাহকাটা এলাকার বাহাদুরের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫), বাহাদুরের মেয়ে আয়েশা বেগম (১৫), ম্যাজিক গাড়ির মালিক ও চালক সাহারবিল মাইজঘোনা গ্রামের আহমদ কবির (৬৫), নিহত আরেকজনের পরিচয় মেলেনি।
 
জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া রোডে যাত্রীবাহী একটি বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। আহত ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আশংকাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।
 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।