দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শালবন চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সন্তোষ দাশ উপজেলার ভোগনগর ইউনিয়নের বড়কালা গ্রামের কঞ্চিয়া দাশের ছেলে। আহত দুলাল রায় ও পবিত্র রায়কে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ধান কাটার কাজ শেষে পিকআপে লক্ষ্মীপুর থেকে দিনাজপুর ফিরছিলেন তারা। বীরগঞ্জের শালবন চেকপোস্ট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
