নতুন বিশ্ব নির্মাণে অক্সফোর্ডের তরুণদের উদ্বুদ্ধ করলেন ইউনূস

আপডেট : ০৬ মে ২০১৬, ১৩:৫০
 
অক্সফোর্ডের তরুণদের উদ্দেশে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদেরকে তাদের চিন্তায় সকল প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিয়ম-কানুন উপেক্ষা করতে হবে। তাদের কল্পনায় একটি নতুন বিশ্ব তৈরি করা হয়ে গেলে তারা তা বাস্তবায়ন করতে তাদের জীবন উত্সর্গ করবে।
 
গত ২৯ এপ্রিল অক্সফোর্ডে ‘বিশ্বের পুনর্গঠনে অর্থনীতির পুনর্গঠন’ বিষয়ক সম্মানজনক লেডি মার্গারেট হল ডেনেকে বক্তৃতা প্রদান করেন। সেখানে তিনি এসব কথা বলেন।
 
IMG0
 
প্রফেসর ইউনূস বলেন, এ-যুগে জন্ম নিয়ে এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ে (অক্সফোর্ড) অধ্যয়নের সুযোগ যারা পেয়েছে তারা পৃথিবীর প্রাধিকারপ্রাপ্ত তরুণ-তরুণীদের মধ্যে পড়ে। তাদের এই প্রাধিকার তখনই যথার্থ হবে যখন তারা যে-নতুন বিশ্ব আমরা সকলে তৈরি করতে চাচ্ছি তা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে।
 
সামাজিক ব্যবসার মাধ্যমে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার অনেক মৌলিক ও জটিল সমস্যার সমাধান সম্ভব বলে তিনি তার বক্তৃতায় যুক্তি তুলে ধরেন।
 
IMG1
 
লেডী মার্গারেট হল কর্তৃক চালু প্রথম ‘ডেনেকে লেকচার’ প্রদান করেন জগদ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। বিশ্বখ্যাত চিন্তবিদদের এই লেকচার প্রদান করতে আমন্ত্রণ জানানোর ঐতিহ্য লেডী মার্গারেট হল এখনো চালু রেখেছে।
 
লেডি মার্গারেট হল কলেজের প্রিন্সিপাল ও দি গার্ডিয়ান পত্রিকার সাবেক সম্পাদক অ্যালান রাসব্রিজার প্রফেসর ইউনূসকে কলেজের আনুষ্ঠানিক নৈশভোজে আপ্যায়িত করেন। কলেজের সকলছাত্র এই ভোজে অংশগ্রহণ করে।
 
IMG2
 
একই সফরে প্রফেসর ইউনূস ‘অক্সফোর্ড গিল্ড’ এর ১৫০তম বার্ষিকী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন। ‘অক্সফোর্ড গিল্ড’ অক্সফোর্ডের ছাত্রদের সবচেয়ে পুরনো সংগঠন।
 
প্রফেসর ইউনূস তা বক্তব্যে অক্সফোর্ডের তরুণ ছাত্রদের একটি উন্নততর ও সমতাভিত্তিক পৃথিবী গড়ে তোলার এবং এ-কাজে প্রত্যেককে নিজ নিজ ভূমিকা পালন করতে এগিয়ে আসার আহ্বান জানান।