মাথায় বলের আঘাতে হাসপাতালে ভর্তি হওয়ার পরে সবধরনের পর্যবেক্ষণ শেষে অস্ট্রেলিয়ান অ্যাডাম ভোজেসকে আশঙ্কামুক্ত বলে ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। তাকে গতকালই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
গতকাল কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাউদাম্পটনের রোজ বলে মিডলসেক্সের বিপক্ষে ব্যাটিংয়ে ছিল হ্যাম্পশায়ার। ব্যাটসম্যান মাইকেল কারবারির জোরালো শটের একটি বল বাউন্ডারির সীমানা ছাড়িয়ে যায়। বাউন্ডারির বাইরে থেকে বলটি কুড়িয়ে উইকেটরক্ষকের উদ্দেশ্যে ছুঁড়ে মারেন মিডলসেক্সের বদলী ফিল্ডার ওলি রেনা। উড়ে আসা বল ধরতে ব্যর্থ হন উইকেটরক্ষক জন সিম্পসন।
ফলে বল গিয়ে আঘাত করে পাশেই দাঁড়ানো মিডলসেক্সের অধিনায়ক ভোজেসের মাথার পিছনে। সাথে সাথেই মাটিয়ে লুটিয়ে পড়েন ভোজেস। এরপর প্রাথমিক চিকিৎসা দেন দলের ফিজিও। কিন্তু পরবর্তীতে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে ৩৬ বছর বয়সী ভোজেসকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সে কিছুটা সুস্থ অনুভব করলেও এখনো মাথায় ব্যথা আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। বাসস।
