বখাটের উৎপাতে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ০৩ মে ২০১৬, ১৪:২৭
কুমিল্লার হোমনা উপজেলায় বখাটের উৎপাত সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত রিপা রানী দাস উপজেলার কালমিনা নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে কালমিনা বৈদ্যারকান্দি গ্রামের সঞ্জিত চন্দ্র দাসের একমাত্র মেয়ে।
 
নিহতের মা মণি রানী দাস জানান, একই গ্রামের তপন চন্দ্র দাসের বখাটে ছেলে উদয় চন্দ্র দাস তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি বখাটের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোন ফল পাওয়া যায়নি। সম্প্রতি তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসলে বখাটে তপন তার মেয়ে রিপাকে গোপনে বিয়ে করে রেখেছে বলে ছেলে পক্ষের অভিভাবকদের কাছে প্রচার করে। এরপর তা পাড়ার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় মুখরোচক আলোচনায় পরিণত হয়। এতে লজ্জা সইতে না পেরে শনিবার সকাল নয়টার দিকে রিপা ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা টের পেয়ে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।
 
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনামূলক মামলা হয়েছে।