স্কুলছাত্রীকে যৌন হয়রানি: তিন বখাটেকে গণধোলাই, পুলিশে সোপর্দ

আপডেট : ০৩ মে ২০১৬, ১৪:৩১
কুমিল্লার হোমনা উপজেলায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে যৌন হয়রানির অভিযোগে তিন বখাটেকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
 
মঙ্গলবার উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরা হলো, উপজেলার কলাগাছিয়া কৃষ্ণপুর গ্রামের জাকির হোসেন (২০), তার বন্ধু সোনারগাঁ থানার সম্বুপুর গ্রামের মেহেদী হাসান (১৮) ও  গজারিয়া থানার আবির হোসেন (১৮)।
 
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলার কাশিপুর স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাচ্ছিল। কাশিপুর ব্রিজের কাছে পৌঁছালে ওই তিন বখাটে জোরপূর্বক তার ওড়না ধরে টানা হেচড়া করে। এ ঘটনা স্থানীয় লোকদের নজরে পড়লে তারা ওই তিন বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে সাজা দেয়া হবে।