চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।
তবে প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে হেরে আসায় লক্ষ্য পূরণ মোটেও সহজ হবে না পেপ গার্দিওলার দলের জন্যে। মঙ্গলবার আলিয়াঞ্জ অ্যারেনায় রাত পৌনে একটাই শুরু হবে ফিরতি পর্বের ম্যাচটি।
বার্সেলোনার হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন গার্দিওলা যার শেষটি ২০১০-১১ মৌসুমে। কিন্তু বায়ার্নের হয়ে মহাদেশ সেরা হওয়ার স্বপ্নটা অপূর্ণই রয়ে গেছে স্পেনের এই কোচের। আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া গার্দিওলার জন্য বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার এটাই শেষ সুযোগ।
গত সপ্তাহে আতলেতিকোর মাঠে ১-০ গোলে হেরে যাওয়ায় লক্ষ্যে পৌঁছতে তাই কঠিন লড়াই করতে হবে বায়ার্নকে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে কোনো গোল না খাওয়া আতলেতিকোর জমাট রক্ষণ ভাঙতে কঠিন পরীক্ষায় পড়তে হবে টমাস মুলার-রবের্ত লেভানদোভস্কিদের।
প্রথম লেগে হারায় নিজেরা কিছুটা পিছিয়ে থাকলেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেই বিশ্বাস গুয়ার্দিওলার।
