তৃণমূল ও জাতীয় দল নিয়ে কাজ করতে চান সালাউদ্দিন

আপডেট : ০৩ মে ২০১৬, ১৭:১৩
বাংলাদেশ ফুটবলের তৃণমূল পর্যায়ে ও জাতীয় দল নিয়ে কাজ করতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব-নির্বাচিত সভাপতি কাজী মো. সালাউদ্দিন। রবিবার দুপুরে বাফুফে ভবনে সাংবাদিকদের এমনটাই জানান তিনি।
 
এর আগে নব-নির্বাচত কমিটির সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সালাউদ্দিন। এরপর তারা বনানীতে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের মাজার জিয়ারত করেন।
 
দুপুরে বাফুফে ভবনে মুখোমুখি হন গণমাধ্যমের সঙ্গে। কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের ২৫ দফা ইশতেহার ছিল। তবে সবগুলোর মধ্যে কিছু বিষয়ে অগ্রাধিকার দিতে হয়। জেলা পর্যায়ে ফুটবলের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করতে চাই। ক্লাবগুলোকে আনতে চাই আধুনিক ফুটবলের ধারায়। আর আমার প্রত্যাশা জাতীয় ফুটবল দল এবার আনবে প্রত্যাশিত সাফল্য। তবে এর মানে এই নয় যে একাডেমি, মহিলা ফুটবল আর স্কুল ফুটবল ও অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ হবে না।’
 
পরপর দুটি আন্তর্জাতিক শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল নিয়ে তিনি বলেন, ‘এটি আসলে বিগত বছরগুলোতে আমাদের মেয়েদের নিয়ে আমাদের কাজের ফসল। সীমিত সামর্থ্যের মধ্যে তাদের আমরা ফুটবলে রাখতে চেয়েছি।’
 
দেশের ফুটবল উন্নয়ন সহজ নয় উল্লেখ করে সালাউদ্দিন আরও বলেন, ‘২০৯ টি দেশের মধ্যে ২০৪ টি দেশ ফুটবল খেলে আর উন্নতির চেষ্টা করে। আমরাও চেষ্টা করি, তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের ফুটবল আরও অনেকদূর যেতে পারবে।’
 
জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে অনেক ভাবনা সালাউদ্দিনের। তিনি বলেন, ‘বিদেশি কোচ নিয়ে এখন চিন্তা-ভাবনা শুরু করতে পারি। এই কদিন তো পারিনি, এছাড়া যে অবস্থা হয়েছিল তাতে আবার সভাপতি হবো কিনা তার কোনও নিশ্চয়তাও ছিল না। আমার ইচ্ছা নতুন করে ঢেলে সাজাবো জাতীয় দলের সবকিছু। আছে নতুন কিছু পরিকল্পনা।’
 
জেলা ফুটবল নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের বিগত মেয়াদে জেলা ফুটবলকে উপেক্ষা করা হয়েছে। প্রায় ৪৭টি জেলায় লিগ হয়েছে তবে হয়তো আমাদের আরেকটু বেশি উদ্যোগী হতে হবে।’
 
এছাড়া বাঁচাও ফুটবল পরিষদকে ধন্যবাদ জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘ওনারা নির্বাচন করেছেন, ওনাদের ধন্যবাদ। তবে তাদের এটুকু বলতে চাই ভদ্রতা, মার্জিত আচরণ ও ক্রীড়াসুলভ মনোভাবই ক্রীড়াঙ্গনে পথচলার পাথেয়।’