এনামুলের ঝড়ো শতকে গাজীর জয়

আপডেট : ০৩ মে ২০১৬, ১৭:১৮
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এনামুলের ঝড়ো শতকে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সোমবার তৃতীয় রাউন্ডের ম্যাচে সিসিএসকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
 
ঢাকা প্রিমিয়ার লিগের শক্তি-সামর্থ্যের বিচারের এবারের লিগের দুর্বলতম দল সিসিএস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায় প্রথম ইনিংস শেষেই। সিসিএসকে ১৭৬ রানেই গুটিয়ে দেয় গাজী গ্রুপের বোলার-ফিল্ডাররা।
 
এই পুঁজি নিয়ে লড়াই করতে হলেও প্রয়োজন ছিল দারুণ কিছু। নতুন বলে অবশ্য দারুণ বোলিং করেন মোহাম্মদ সাইফুদ্দিন। তুলে নেন আগের দুই ম্যাচে অর্ধশত করা শামসুর রহমান ও লিগের প্রথম সেঞ্চুরিয়ান মেহেদি হাসানের উইকেট। কিন্তু বাকি সবাই শর্ট পিচ, হাফ ভলি, ফুল টস আর লেগ স্টাম্পে বোলিং করে গেছেন ক্রমাগত। সেটির সুযোগ নিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে থাকা এনামুল হোসেন।
 
পঞ্চাশের পর আরও বেশি খুলেছেন হাত। অফ স্পিনার সাইদ সরকারের টানা দুটি ফুল টসে দুটি ছক্কা। শাওনের তিন বলে দুটি চার ও এক ছক্কায় ছুটেছেন ঝড়ো গতিতে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের দুটি শর্ট বলে ছক্কা ও চারে গিয়েছেন শতকের কাছে। সাইফুদ্দিনকে মিড অফে ঠেলে সেঞ্চুরি ছুঁয়েছেন ৮৩ বলে।
 
শতকের পর সাইফুদ্দিনের ওই ওভারেই পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে যান এনামুল। ৪টি চার ও ৭ ছক্কায় ৮৫ বলে রান ঠিক ১০০।