চট্টগ্রামে হামকা গ্রুপের সর্দার হাতকাটা জাহাঙ্গীর গ্রেফতার

আপডেট : ০৩ মে ২০১৬, ২০:১১
চট্টগ্রামে চোর ও ছিনতাইকারী চক্র হামকা গ্রুপের দলনেতা উজ্জ্বল ওরফে হাতকাটা জাহাঙ্গীর এক সহযোগীসহ ধরা পড়েছে। সহযোগীর নাম ওসমান গণি।
 
মঙ্গলবার নগরীর বাকলিয়া কালামিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার মহানগর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর জলসা মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়।
 
সিএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) মো. আনোয়ার হোসেন ইত্তেফাককে জানান, নগরীতে বাসাবাড়ি ও দোকানপাটের শাটার ও গ্রিল কেটে চুরি করাই হামকা গ্রুপের কাজ। হাতকাটা জাহাঙ্গীর এই গ্রুপের দলনেতা। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। সহযোগী ওসমান গণির বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা। হাতকাটা জাহাঙ্গীরের বেশ কয়েকজন সহযোগী রয়েছে। এদের মধ্যে রয়েছে মামুন, লিটন, আমির, হোসেন, নাসির, মো. রাসেল ওরফে ভাগিনা রাসেল, রেদোয়ান চৌধুরী প্রমুখ।