ডিপিএলে জয়ে ফিরলো মোহামেডান

আপডেট : ০৩ মে ২০১৬, ২০:৩৬
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে হারের বৃত্ত থেকে বেরিয়ে জয়ের দেখা পেল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। মঙ্গলবার লিজেন্ডস অব রুপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় ঘরে তুললো সাদা-কালোরা।
 
এদিনও রানের ধারা অব্যাহত রেখেছেন মুশফিকুর রহিম। গত ম্যাচের সেঞ্চুরির পর এবারও করলেন অপরাজিত ৫১।   
 
এদিন খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রুপগঞ্জের দেয়া ২১৩ রানের লক্ষ্যে ৭ উইকেট ২৪ বল হাতে রেখে পৌঁছে যায় মোহামেডান। 
উপল থারাঙ্গা সর্বোচ্চ ৭১ রান করেন। মুশফিকুর রহিম ৫১ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ১০৬ রান। 
পাঁচ নম্বরে নেমে আরিফুল হক তিন ছক্কা ও এক চারে ১৭ বলে ২৪ করে অপরাজিত থাকেন। ওপেনার সৈকত আলী ৩৪ ও ইজাজ আহমেদ করেন ২৬ রান। ওপেনিং জুটিতে এরা দু’জন যোগ করেন ৫২ রান। আবু হায়দার রনি, মুরাদ খান ও আসিফ আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।
 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও ৪৯.৩ ওভারে ২১২ রানে অলআউট হয় রুপগঞ্জ। ওপেনিং জুটিতে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী ১০৭ রান যোগ করেন। তবে নাইম ইসলামের (জুনিয়র) বাঁহাতের ঘূর্নিতে দ্রুত উইকেট হারাতে থাকে রুপগঞ্জ। ৬৯ রানে শেষের ৮ উইকেট হারালে বড় হয়নি রুপগঞ্জের ইনিংস।