যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, 'সরকারের বিগত মেয়াদ থেকে এই পর্যন্ত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে ৮৫ হাজার ২৩৯ জনকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়েছে।'
তিনি মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে আরো বলেন, 'উল্লেখিত যুবকদের জাতিগঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে ২ বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে।'
এ পর্যন্ত সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় ৮৭ হাজার ৫৭০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'দেশের বেকার যুব সমাজের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হয়েছে।'
প্রতিমন্ত্রী ওই প্রশ্নের জবাবে আরো বলেন, '২য় পর্যায়ে রংপুর বিভাগে ৭টি জেলার ৮টি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তৃতীয় পর্যায়ে দেশের ১৭টি জেলার ১৭টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। বর্তমানে ৪র্থ পর্বে দেশের ৭টি জেলার ২০টি উপজেলায় এই কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।'
সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'যুব উন্নয়ন অধিদপ্তরাধীন বিভিন্ন যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে গত ৫ বছরে ১০ লাখ ১৪ হাজার ৭২ জন যুব এবং যুব মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২৯ হাজার ৪৬৫ জন যুবক ও যুব মহিলা আত্মকর্মী হয়েছেন। এর মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ গ্রহণকারীর সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৩৪৭ জন।'
