মাদারীপুরের কালকিনিতে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। বুধবার ভোরে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আন্ডারচর এলাকার সলেমান শিকদারের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবৎআন্ডারচর এলাকার মুদি দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে দুর্বৃত্তরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক আবুল কালাম শিকদারকে (৪৫) বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আবুল কালামের চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার কর্মী-সমর্থক ছিলেন। এই কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানায় মামলার প্রক্রিয়া চলছে।
কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রাথমিকভাবে ৫ জনকে আটক করা হয়েছে।
