শৈলকুপায় ডাকাতির অভিযোগে ৪ কিশোর আটক

আপডেট : ০৪ মে ২০১৬, ১২:৫০
 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামে ডাকাতিকালে চার স্কুল-কলেজ শিক্ষার্থী আটক হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে নিমাই বিশ্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
 
আটককৃতরা হলো- শৈলকুপা উপজেলার তামিনগর গ্রামের কুবাদ আলির ছেলে সুমন  ( ১৭ ), বাহির রয়েড়া গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে নাহিদ মল্লিক ( ১৮ ), রফিকুল ইসলামের ছেলে শুভ আহমেদ ( ১৭ ) ও নুরাল শেখের ছেলে সুমন আলি (১৪ )। নাহিদ এবার বিএলকে কারিগরি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সুমন ও শুভ শৈলকুপা সিটি কলেজে একাদশ শ্রেণির ছাত্র এবং সুমন আলি রয়েড়া হাইস্কুলের ৯ম শ্রেনির ছাত্র।
 

শৈলকুপা থানার এসআই ইকবাল হোসেন জানান, রাত আড়াইটার দিকে এক দল ডাকাত নিমাই বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির লোকজনকে মারধর করে নগদ এক লাখ ৪ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও দুইটি মোবাইল ফোন লুট করে। পালানোর সময় গ্রামের লোকজন তাদের ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। তাদের কাছ খেকে ৮১ হাজার টাকা, এক জোড়া কানের দুল, দেশি অস্ত্র, কয়েকটি মোবাইল ফোন ও কয়েক পুড়িয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটকের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।