সোনার দাম ভরিতে ১২২৫ টাকা বাড়ছে

আপডেট : ০৫ মে ২০১৬, ১১:২৯
মাত্র দুই মাসের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বেড়েছে। এবার প্রতি ভরিতে বেড়েছে এক হাজার ২২৫ টাকা।
 
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বাংলাদেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার থে‌কে নতুন দর কার্যকর হ‌বে।
 
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৭ হাজার ৪১৪ টাকা। শুক্রবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৫ হাজার ৩১৫ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে। বর্তমানে এ দাম ২২ ক্যারেটের ক্ষেত্রে ৪৬ হাজার ১৮৯ টাকা, ২১ ক্যারেটের ক্ষেত্রে ৪৪ হাজার ৯০ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৩৭ হাজার ৪৪১ টাকা। বর্ধিত দাম অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৭ হাজার ৫৮৫ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৬ হাজার ৩৬১ টাকা।
 
সোনার সঙ্গে রুপার (ক্যাডমিয়াম) দামও বাড়ছে। প্রতি ভরি রুপার দাম বর্তমানে এক হাজার ৫০ টাকা। শুক্রবার থেকে এ দাম বেড়ে হবে এক হাজার ১৬৬ টাকা